তথ্য দিন ও আমাদের সাথে কাজ করুন (সাংবাদিকদের জন্য)

আপনার রিপোর্ট কি আটকে আছে?

আপনার কাছে কি জনস্বার্থসংশ্লিষ্ট কোনো গোপন তথ্য বা নথি আছে? অথবা আপনি কি একজন সাংবাদিক, যার অনুসন্ধানী প্রতিবেদন চাপের মুখে বা অস্পষ্ট কোনো কারণে আপনার সংবাদমাধ্যম প্রকাশ করছে না?

দ্য হুইসেল বিশ্বাস করে, জনস্বার্থসংশ্লিষ্ট কোনো তথ্যই অপ্রকাশিত থাকা উচিত নয়। আমরা সেইসব সাংবাদিকদের জন্য একটি নিরাপদ প্ল্যাটফর্ম, যাদের কাজ সেন্সরশিপ বা হুমকির কারণে আলোর মুখ দেখছে না।

জনস্বার্থে দ্য হুইসেল সেই রিপোর্টগুলো প্রকাশ করতে চায়। তথ্যের সত্যতা যাচাই সাপেক্ষে আমরা আপনার অপ্রকাশিত বা অসম্পূর্ণ অনুসন্ধানটি এগিয়ে নেওয়ার সম্পাদকীয় দায়িত্ব নিতে প্রস্তুত।

আমরা যা দিই

  • আমাদের সম্পাদকীয় টিম প্রতিটি তথ্য কঠোরভাবে যাচাই করে, কাঠামো ঠিক করতে সাহায্য করে এবং প্রতিবেদনটিকে প্রকাশযোগ্য রূপ দেয়। প্রতিবেদনটি চূড়ান্ত করা হবে আপনার সঙ্গে সমন্বয় করেই।
  • অসম্পূর্ণ রিপোর্টের ক্ষেত্রে আমাদের অনুসন্ধানী দল আপনাকে সঙ্গে নিয়ে বাকি কাজ সম্পন্ন করবে। আপনি না চাইলে আপনার দেয়া তথ্যের ভিত্তিতে দ্য হুইসেল ডেটা বিশ্লেষণ, নথি সংগ্রহ, ভিজ্যুয়ালাইজেশন বা মাঠপর্যায়ের কাজ শেষ করবে।
  • প্রয়োজনে দ্য হুইসেল প্রতিবেদকের নাম প্রকাশ না করেই অনুসন্ধান প্রকাশ করে। আপনার বর্তমান কর্মস্থল যদি ঝুঁকির কারণ হয়, বাইলাইন নিয়ে আমরা আগেই আলোচনা করে নেব।
  • আপনার সূত্রের পরিচয় জানানো আমাদের কাছে বাধ্যতামূলক নয়। যাচাইয়ের প্রয়োজনে আমরা যতটুকু জানা দরকার, ততটুকুই জানতে চাই।
  • যৌথ অনুসন্ধানে প্রকাশিত প্রতিবেদনের জন্য আমরা সম্মানী দিই। পরিমাণ নির্ভর করে কাজের ব্যাপ্তি ও সময়ের ওপর, এবং তা কাজ শুরুর আগেই লিখিতভাবে ঠিক করে নেওয়া হয়।

জানা জরুরি

  • একাধিক সূত্র দিয়ে তথ্য যাচাই করা না গেলে আমরা প্রতিবেদন প্রকাশ করি না।
  • দ্য হুইসেল আপনার সঙ্গে সমন্বয় করে কাজ করবে, কিন্তু সম্পাদকীয় মান নিয়ে আপস করবে না।
  • আপনার পাঠানো তথ্য আমরা অন্য কোথাও ব্যবহার করব না। আপনি না চাইলে বিষয়টি আমাদের নিজস্ব অনুসন্ধান হিসেবেও এগিয়ে নেওয়া হবে না।
  • আইনি ঝুঁকি নিয়ে আমরা আগেই আলোচনা করি।

কীভাবে তথ্য বা রিপোর্ট পাঠাবেন?

আপনার তথ্যের সংবেদনশীলতা সম্পর্কে আমরা সচেতন। তাই সাধারণ মাধ্যমের পরিবর্তে নিচের এনক্রিপ্টেড (সুরক্ষিত) মাধ্যমগুলো ব্যবহারের অনুরোধ করছি:

১. সিগন্যাল (Signal) বিশ্বজুড়ে অনুসন্ধানী সাংবাদিকদের জন্য এটি সবচেয়ে নির্ভরযোগ্য অ্যাপ। এতে "Disappearing Messages" সুবিধা রয়েছে, যা চালু থাকলে নির্দিষ্ট সময় পর আপনার পাঠানো মেসেজ স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।

২. নিরাপদ ইমেইল (Proton Mail) সাধারণ ইমেইলের চেয়ে প্রোটন মেইল অনেক বেশি সুরক্ষিত। আপনার ব্যক্তিগত মেইল ব্যবহার না করে Proton.me থেকে একটি নতুন ফ্রি অ্যাকাউন্ট খুলে (আসল নাম ব্যবহার না করে) আমাদের ইমেইল করার পরামর্শ দিচ্ছি। সম্ভব হলে অফিস বা কর্মস্থলের কম্পিউটার/নেটওয়ার্ক থেকে না পাঠানোই ভালো— এতে আপনার তথ্য পাঠানোর উৎস শনাক্ত হওয়ার ঝুঁকি কমে।